পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের বান্নু জেলায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। শনিবার মেরকা বেরা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলার পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি।
পুলিশের তথ্যের বরাতে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বিস্ফোরণটি ঘটে সড়কের পাশে পুঁতে রাখা বিস্ফোরক থেকে। এতে হাতি খেল গ্রাম থেকে বান্নুর উদ্দেশে যাওয়া একটি যাত্রীবাহী ভ্যান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বিস্ফোরণে নিহত হন ভ্যানে থাকা ৫ যাত্রী।
প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পর একই স্থানে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এ সময় উদ্ধারকাজে অংশ নেয়া দুজন নিহত হন। পাশাপাশি একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং আরও ৩ জন আহত হন। নিহতদের মরদেহ ও আহতদের বান্নুর খলিফা গুল নওয়াজ টিচিং হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে। হামলার পেছনে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তবে, কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।
আরও পড়ুনএর আগে, চলতি বছরের এপ্রিলেও বান্নুতে একটি আত্মঘাতী হামলায় তিন নারী ও এক শিশুসহ অন্তত ৫ জন প্রাণ হারান।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








