গাইবান্ধায় মাংস বিক্রির উদ্দেশে গোপনে ৬টি ঘোড়া জবাই
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি রাইচ মিলের পরিত্যক্ত চাতালের কক্ষে গোপনে ছয়টি গোড়া জবাই করার অভিযোগ উঠেছে। এসব গোশত বিক্রির চেষ্টায় জড়িত ছয়জনকে এলাকাবাসী আটক করে পুলিশ সোপর্দ করেছে। এসময় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আজ শুক্রবার (১২ জুন) সকালের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর (মোংলা বন্দর) এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলো, মোমিনুর রহমান, মিন্টু মিয়া, হৃদয় হোসেন, রাজিব হোসেন, মামুন মিয়া ও জোবায়দুর রহমান। তাদের বাড়ি বিভিন্ন জেলায়। এলাকাবাসী জানায়, খোর্দ্দ রসুলপুরের মোংলা বন্দরের মৃত ফজলু মাস্টারের ছেলে খাইরুল ইসলামের চাতালে গোপনে ছয়টি ঘোড়া জবাই করে। এসব ঘোড়ার গোশত গরুর গোশতের সাথে মিশ্রিত করে বিক্রির জন্য পাচার করার চেষ্টা করছিলেন।
এসময় ঘটনাটি টের পেয়ে জড়িতদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। এছাড়া বিক্ষুব্ধ জনগণ চাতালের টিনের বেড়া ভাঙচুর করে। এসময় ঘটনাস্থলে পুলিশ এসে জনতার উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করে। এদিকে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান, ওসি একেএম হাবিবুর রহমান হাবিব, প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ ও সদস্য নুরুন্নবী প্রধানসহ অনেকে।
আরও পড়ুনএ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। পরিস্থিতি শান্ত করার পর ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, অভিযোগের সত্যতা প্রমাণ সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
মন্তব্য করুন







