পাবনার চাটমোহরে ভেজাল দুধ কারবারিদের মারধরে আহত ব্যক্তির মৃত্যু
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: প্রশাসনকে তথ্য দেওয়ার সন্দেহে পাবনার চাটমোহরে ভেজাল দুধ কারবারিদের মারধরে আহত হাশেম প্রামাণিক(৪৫)নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মারা যান তিনি।
মৃত হাশেম প্রামাণিক উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের মৃত নুর আলী প্রামানিকের ছেলে। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এদিকে এ ঘটনার পর গতকাল বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি শাহীন নামের এক যুবককে আটক করেছে।
জানা যায়, দীর্ঘদিন নটাবাড়িয়া গ্রামে লোকচক্ষুর আড়ালে ইউনিয়ন কৃষকদলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন পুলিশকে ম্যানেজ করে এবং দলীয় প্রভাব খাটিয়ে ভেজাল দুধ তৈরি করে বিভিন্ন দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে বিক্রি করতেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুসা নাসের চৌধুরী তার কারখানায় অভিযান চালান। এসময় বিপুল পরিমাণ কেমিক্যাল, ভেজাল দুধ ও দুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় আব্দুল মোমিনকে। এরপর দল থেকে সাময়িক বহিষ্কার হন আব্দুল মোমিন।
কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আব্দুল মোমিন আবারো ভেজাল দুধের কারবার শুরু করলে দ্বিতীয় দফায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ কেমিক্যাল ও ভেজাল দুধ জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এ ঘটনায় থানায় আব্দুল মোমিন ও তার বাবাসহ কয়েকজনের নামে মামলা হয়। এরপর পুলিশ আব্দুল মোমিনের বাবাকে আটক করে জেলহাজতে পাঠায়।
এদিকে অভিযোগ রয়েছে, প্রশাসনকে তথ্য দেওয়ার সন্দেহে হাশেম আলীসহ কয়েকজনকে গত ২৯ মে আব্দুল মোমিন ও তার লোকজন লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে ব্যাপক মারধর করে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় হাশেম প্রামাণিককে প্রথমে পাবনা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটায় মারা যান হাশেম প্রামাণিক।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)অলিউর রহমান জানান, এ ঘটনায় মৃত হাশেম প্রামাণিকের ভাগ্নে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। রাতেই অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি শাহীনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) সকালে আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওসি।
মন্তব্য করুন









