ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৫ মে, ২০২৬, ০৮:২৪ রাত

সরকার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে: হাসনাত আবদুল্লাহ

সরকার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে: হাসনাত আবদুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে। তারা পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে। স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে। জেলা আদালতগুলোতে কি রায় হবে, কি বিচার হবে, কে জামিন পাবে সব কিছু রিমোর্ট কন্ট্রোলের মতো ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
 
আজ সোমবার (২৫ মে) বিকাল ৬টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
গত ২২ মে শুক্রবার ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপি ও জেলা ছাত্রদল পাল্টাপাল্টি মামলা করে। ছাত্রদলের দায়ের করা মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ তিনজকে আটক করে পুলিশ। ওই ঘটনার প্রতিবাদে আজ সোমবার সংবাদ সম্মেলনে অংশ নেন হাসনাত আবদুল্লাহ।
 
সংবাদ সম্মেলন শেষে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপি নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এ সময় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, মুখ্য সমন্বয়ক রিফাত রশিদ প্রমুখ। এসময় এনসিপির ঝিনাইদহ জেলা কমিটির নেতাকর্মীরা অংশ নেন।
 
এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আইনমন্ত্রীর জেলা ঝিনাইদহ। দুঃখের বিষয়, সেখানেই আজ আইন আদালত সরকারের একটি মহলের হাতে বন্দী। সরকার পুলিশ ও বিচার বিভাগকে নিজেদের দলীয় এজেন্ডা দ্বারা পরিচালিত করছে।’
 
তিনি আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমাদের আশা ছিল, পুলিশ জনগণের বাহিনী হবে। কিন্তু আমরা দেখছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারের দলীয় সমর্থক হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। এটা লজ্জাজনক।’
 
হাসনাত আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার আওয়ামী লীগের পথে হাটছে। আওয়ামী লীগের মতো বিচার, আদালত ও পুলিশকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানাচ্ছে। আওয়ামী লীগ এইসব কারণে জনরোষে পড়ে বিদায় নিয়েছে। এই সরকার যদি আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করে, তাহলে আমরা তা মেনে নেবো না। জেল, জুলুম, নির্যাতন করে মানুষকে দমিয়ে রাখা যাবে না।’
 
তিনি আরও বলেন, ‘আজ আমরা (বিএনপি-এনসিপি-জামায়াত) যখন একে অপরের বিরুদ্ধে লড়ছি, তখন ভারতে বসে আওয়ামী লীগ হাসছে। আমরা নিজেরা লড়ছি। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের পরে এটা হওয়ার কথা ছিল না।’
 
প্রসঙ্গত, ঝিনাইদহে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় গতকাল রোববার গ্রেপ্তার হন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। পরে আজ সকাল ১০টায় তিনি জামিন পান। একই দিন সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। সোমবার সকাল ১০টায় ঝিনাইদহ চিফ জুডিশ্যল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা।
 
আসামি পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন। শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন। তবে একই মামলায় গ্রেপ্তার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
 
এর আগে, রোববার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। এর আগে গত শনিবার তারেক রেজাকে প্রধান আসামী করে এনসিপির ২২ নেতাকর্মীর নামে মামলা করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছর মেয়াদি নতুন ঋণ কর্মসূচিতে আগ্রহী আইএমএফ

সোনারগাঁ হবে বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ম্যাচ চলাকালে মাঠেই মৃত্যু ভারতীয় পেসারের

ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ

সমাজসেবা অধিদপ্তরের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৪৮৫টি

বগুড়ার শেরপুরে বিষধর পদ্ম গোখরা উদ্ধার: পরে অবমুক্ত