বগুড়ায় নাজমুল হত্যা মামলার মূল সহযোগীকে গ্রেফতার, সিআইডি’র অভিযান
স্টাফ রিপোটার : বগুড়ার গাবতলীতে নাজমুল হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে সিআইডি বগুড়ার একটি টিম। সিআইডি সূত্র জানায়, গ্রেফতারকৃত জাহিদ হাসান ওরফে উজ্জল (৩২) গাবতলী উপজেলার হাতিবান্ধা পশ্চিমপাড়ার মো. আব্দুর রশিদের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত নাজমুল ইসলাম বিগত ২০২৩ সালের ২০ অক্টোবর অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নেয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত আটোরিকশা আনতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংক্রান্ত প্রচারণা চালান।
পরবর্তীতে ২২ অক্টোবর গাবতলীর হাতিবান্ধা এলাকার একটি আমন ধানক্ষেত থেকে নাজমুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাজমুল ইসলামকে তার ফুপাতো ভাইয়ের দায়েরকৃত একটি ধর্ষণ মামলায় আপস-মিমাংসার জন্য দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করা হচ্ছিল। এতে রাজি না হওয়ায় গ্রেফতারকৃত মো. জাহিদ হাসান ওরফে উজ্জল ও তার সহযোগীরা বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
আরও পড়ুনতদন্তে জানা যায়, পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে নাজমুল ইসলামকে হত্যা করে তার মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়। ঘটনার পর মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি বগুড়া তদন্ত কার্যক্রম শুরু করে। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইডি’র একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে সন্দেহভাজন অভিযুক্ত জাহিদ হাসান ওরফে উজ্জলকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত অভিযুক্ত জাহিদ হাসান ওরফে উজ্জলকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম সিআইডি বগুড়া জেলা পরিচালনা করছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন ও অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন







