চাঁপাইনবাবগঞ্জে নিয়ন্ত্রণে আসছে হাম ৯৯ শতাংশ টিকা দেয়া সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: দেশের বিভিন্ন অঞ্চলে এখনও লাগামহীন তান্ডব চালালেও চাঁপাইনবাবগঞ্জে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে হাম। চলতি বছর দেশের রাজশাহী অঞ্চলেই এর প্রাদুর্ভাব ঘটে প্রথম ধাক্কায়। ফলে এই অঞ্চলেই রোগ নিয়ন্ত্রণের কার্যক্রম জরুরি ভিত্তিতে শুরু করে কর্তৃপক্ষ।
এতে এপ্রিলের শেষ থেকেই চাঁপাইনবাবগঞ্জে কমে আসছে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগী। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্তদের জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত করেছে জেলার স্বাস্থ্য সূত্রগুলো।
সূত্রগুলো বলছে, এপ্রিল মাসের ৫ তারিখ থেকে জেলায় প্রথম পর্যায়ে জরুরিভাবে সর্বাধিক হাম কবলিত সদর, শিবগঞ্জ ও ভোলাহাট এই ৩ উপজেলায় শিশুদের হামের এমআর টিকা দেয়া শুরু করা হয়। এই ৩ উপজেলায় ১ লাখ ৬৭ হাজার ২৮৭ শিশুকে টিকা দেয়া হয়।
এছাড়া ব্যাধি নিয়ন্ত্রণে সন্দেহজনক রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উচ্চ ক্ষমতার (৫০ হাজার থেকে ২ লাখ আইইউ) ভিটামিন-এ খাওয়ানো শুরু হয়। এছাড়া জনসচেতনতা বাড়াতে অব্যহতভাবে প্রচার চলছে। টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলা।
সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন বলেন, ৫ এপ্রিল থেকে দেয়া প্রথম পর্যায়ের টিকা কাজ করা শুরু করেছে। ২/৩ সপ্তাহের মধ্যে এটি কাজ করা শুরু করে। গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের টিকাও কাজ শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনএ পর্যায়ে জেলার বাকি দুই উপজেলা গোমস্তাপুর ও নাচোলের শিশুদের সমন্বয় করা হয়েছে। হোম আইসোলেশন এই রোগ ছড়িয়ে পড়া রোধে অত্যন্ত কার্যকর। ভিটামিন-এ অপুষ্টি রুখতে কাজ করছে। সব মিলিয়ে জেলায় রোগের প্রকোপ এখন কমে আসছে বলে মনে হচ্ছে।
জেলার স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এ পর্যন্ত জেলায় মার্চে ৬ ও এপ্রিলের ২৪ তারিখ ১ জনসহ ৭ জন শিশু সন্দেহজনক হামে মারা গেছে। জানুয়ারি থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ১ হাজার ২৪০ জন রোগী জেলার সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ শুক্রবার (৮ মে) ভর্তি রয়েছে ১০ জন। এদিকে চলমান তৃতীয় পর্যায়ের টিকাদান কর্মসূচিতে টার্গেট ২ লাখ ১ হাজার ৮৯৭ জন শিশুর মধ্যে ১ লাখ ৯৯ হাজার ৪৪৩ শিশুকে টিকা দেয়া হয়েছে। যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৯ শতাংশ। জেলায় এ পর্যন্ত ২০৩ জনের স্যাম্পল পরীক্ষা করে ৪৩ জনের পজিটিভ পাওয়া গেছে।
মন্তব্য করুন







