সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়কের সংস্কার কাজ বন্ধ পথচারীদের চরম দুর্ভোগ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সদরের একমাত্র সড়ক ভূইয়াগাঁতি টু ধানগড়া পাকার রাস্তার অর্ধেক অংশের প্রায় ৫কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারীরা। প্রায় এক বছরেরও বেশি সময় কাজ স্থবির থাকায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকরা।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সড়কটির পুরাতন কাপেটিং তুলে পুনরায় ওই কাপেটিং গুড়ো করে এবং ইটের খোয়া বিছিয়ে রেখে কাজ ফেলে রাখা হয়েছে। ফলে অনেক স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, আবার কোথাও খোয়া সরে গিয়ে রাস্তা অসমতল হয়ে পড়েছে। এতে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সিএনজি চালক বাবু ও রুবেল সরকার জানান, প্রতিদিনই কেউ না কেউ পড়ে আহত হচ্ছে। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। তখন রাস্তা পিচ্ছিল হয়ে যায়, চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। তেলিজানা আলিম সিনিয়র এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি আমাদের প্রধান যোগাযোগ সড়ক। এই পথ দিয়ে উপজেলা পরিষদ, থানা ও হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতে হয়। কিন্তু দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে খুব কষ্ট হয়।
আরও পড়ুনএলাকাবাসীর অভিযোগ করে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতা এবং সংশ্লিষ্ট প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাবে সংস্কার কাজটি দীর্ঘদিন বন্ধ রয়েছে। নির্ধারিত সময় পার হলেও কাজ শেষ না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে। তবে এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানায়, তেলসহ বিভিন্ন নির্মাণ উপকরণের মূল্যবৃদ্ধি ও সংকটের কারণে কাজের গতি ব্যাহত হয়েছে। তারা দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন।
এবিষয়ে রায়গঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, তেলসহ বিভিন্ন উপকরণের সংকটের কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে সংস্কার কাজ পুনরায় শুরু হয়েছে। আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন করা যাবে। এদিকে স্থানীয়রা দ্রুত সড়কটির সংস্কার কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘব করার দাবি জানান।
মন্তব্য করুন







