গম চুরির অভিযোগের ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করল ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর হাইফায় ইউক্রেন থেকে চুরি হওয়া গমবোঝাই একটি জাহাজ নোঙ্গর করেছে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। এ ইস্যুতে সোমবার ইউক্রেনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলবও করেছে কিয়েভ।
তলবের পর ইসরায়েলি রাষ্ট্রদূতকে প্রোটেস্ট নোট দিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। গমবোঝাই সেই জাহাজটি ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রতি অনুরোধও জানানো হয়েছে ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিয়াহ বলেছেন, ইসরায়েল যদি জাহাজটি থেকে পণ্য খালাস করে কিংবা সেটিকে বন্দরে অবস্থানের অনুমতি দেয়-তাহলে ইসরায়েলের সঙ্গে ইউক্রেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় সাইবিয়াহ দাবি করেছেন, ইউক্রেনকে চাপে রাখতে রাশিয়া দেশটির গম চুরি করে বাইরে বিক্রি করছে এবং এক্ষেত্রে রাশিয়াকে সহযোগিতা করছে ইসরায়েল। এক্সবার্তায় সাইবিয়া বলেছেন, ইউক্রেন এবং ইসরায়েলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন উভয় দেশের জন্য লাভজনক হতে পারে, তেমনি ইউক্রেনের শস্য নিয়ে রাশিয়ার চোরাই বাণিজ্যে সহযোগিতা করা হলে তা ক্ষুণ্ণও হতে পারে। বন্ধুত্বপূর্ণ ইউক্রেন-ইসরায়েল সম্পর্ক উভয় দেশের জন্যই লাভজনক হতে পারে, এবং চুরি করা ইউক্রেনীয় শস্য নিয়ে রাশিয়ার অবৈধ বাণিজ্য যেন এই সম্পর্ককে ক্ষুণ্ণ না করে।
এর আগেও এই হাইফা বন্দরেই এমন ঘটনা ঘটেছে দাবি করে সাইবিয়া বলেন, এর আগেও ইউক্রেন থেকে চুরি হওয়া পণ্যবোঝাই জাহাজ হাইফা বন্দরে নোঙ্গর করেছিল এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসরায়েলের সরকারের কাছে অভিযোগ জানিয়েছিলাম। এবার এফর আরেকটি জাহাজ নোঙ্গর করল। ইউক্রেনের বৈধ অনুরোধ রক্ষায় ইসরায়েলের যথাযথ পদক্ষেপ গ্রহণ না করার কী কারণ থাকতে পারে-তা বোঝা আমাদের জন্য সত্যিই কঠিন।
আরও পড়ুনএদিকে আন্দ্রি সাইবিয়া এক্সে এই বার্তা পোস্ট করার কিছু সময় পর পাল্টা বার্তা পোস্ট করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। সেখানে তিনি বলেছেন, যে অভিযোগ উত্থাপন করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী-তার সত্যতা প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রদানে ব্যর্থ হয়েছেন তিনি। আন্দ্রি সাইবিয়াহর উদ্দেশে এক্সবার্তায় গিদেওন সার বলেছেন, প্রিয় মন্ত্রী, কূটনৈতিক সম্পর্ক, বিশেষ করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক টুইটার বা মিডিয়ার মাধ্যমে পরিচালিত হয় না। যে অভিযোগ আপনি উত্থাপন করেছেন, তা সামাজিক যোগাযোগমাধ্যম বা মিডিয়াকে জানানোর আগে আমাদের জানানো উচিত ছিল। আর আপনি অভিযোগের পক্ষে প্রয়োজনীয় তথ্য প্রমাণ দেননি। তারপরও ইসরায়েলের সরকার ব্যাপারটি খতিয়ে দেখবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, কয়েক দিন আগে হাইফা বন্দরে ‘এবিনস্ক’ নমের একটি গমবোঝাই জাহাজ নোঙ্গর করেছে। জাহাজে যে গম রয়েছে-সেগুলো রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলের বলে দাবি করেছে মন্ত্রণালয়ের সূত্র। সূত্র : আনাদোলু এজেন্সি
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








