এসএসসি ও সমমমান পরীক্ষা প্রথম দিনে বগুড়ায় বহিষ্কার এক, অনুপস্থিত ৪৯৫
স্টাফ রিপোর্টার : সারাদেশের মতো বগুড়াতেও শুরু হয়েছে ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে বগুড়া জেলায় অসদুপায় অবলম্বনের দায়ে এক দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া প্রথম দিনের পরীক্ষায় জেলায় মোট ৪৯৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
জেলা শিক্ষা অফিস জানিয়েছে, এবার জেলার ৮০টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন ৪২ হাজার ৩৯০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪৯৫ জন। এসএসসি পরীক্ষা ৪৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় ৩২ হাজার ৩১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২৩৩ জন।
১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ৭ হাজার ৫৫০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২২৩ জন। এছাড়া দাখিল পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে শিবগঞ্জ মাদ্রাসা কেন্দ্র থেকে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। ১৬টি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ২ হাজার ৮০৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩৯ জন।
আরও পড়ুনএসএসসি’র প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা, দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ এবং এসএসসি ভোকেশনালে বাংলা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ জানান, প্রথম দিনের পরীক্ষায় জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন







