ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০৯:১০ রাত

পানি বাড়ায় বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীর ফিরেছে নাব্যতা

পানি বাড়ায় বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীর ফিরেছে নাব্যতা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : গত কয়েকদিন ধরেই বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বাড়ছে। পানি বাড়ায় এ নদীর নাব্যতা ফিরতে শুরু করেছে। নাব্যতা সংকটে বন্ধ হয়ে যাওয়া উপজেলার বেশক’টি নৌরুট পুনরায় সচল হয়েছে। এসব নৌরুটে পুনরায় আগের কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে। গত তিনদিনে যমুনার পানি ৩৯ সেন্টিমিটার বেড়েছে, তবে পানি খুব দ্রুত কমে যাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

গত কয়েকদিন আগেও বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীতে তীব্র নাব্য সংকট বিরাজমান ছিল। নাব্য সংকটের জন্য উপজেলার প্রধান নৌরুট সারিয়াকান্দি-মাদারগঞ্জ রুটটি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। উপজেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে বিআইডব্লিউটিএ কালিতলা নৌঘাটে প্রায় এক কিলোমিটার এলাকায় খনন কাজ শুরু করে নৌপথটি সচল রেখেছিল।

এছাড়া নাব্য সংকটে মাদারগঞ্জ নৌঘাটও দুর্গম ধু ধু বালুচরে স্থানান্তরিত হয়েছিল। সেখান থেকে যাত্রীরা নানা ভোগান্তির শিকার হয়ে চলাচল করতেন। এছাড়া নাব্য সংকটে উপজেলার আলতাফ আলীর খেয়াঘাট, হাসনাপাড়া খেয়াঘাট, নিজবলাইল খেয়াঘাট, চারালকান্দি খেয়াঘাটসহ বেশক’টি খেয়াঘাটের নৌরুট বন্ধ হয়ে গিয়েছিল। এসব নৌরুটে এলাকাবাসী হেঁটে চলাচল করেছেন এবং ঘোড়ার গাড়িতে তাদের কৃষিপণ্য পরিবহন করেছেন।

এছাড়া নাব্য সংকটে যমুনার বুকে জেগে ওঠা ডুবোচরে মাঝিরা নৌকা চালাতে নানা ধরণের সমস্যার সম্মুখীন হতেন। তবে গত কয়েকদিন ধরেই যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। যমুনার পানি বাড়ায় উপজেলার প্রায় সবগুলো নৌরুট সচল হতে শুরু করেছে। জেগে ওঠা ডুবচরগুলো আবার ডুবতে শুরু করায় যমুনা নদীতে এখন নৌকাগুলো অনায়াসে চলাচল করতে পারছে।

গত কয়েকমাস ধরে বন্ধ হয়ে যাওয়া খেয়াঘাটে আগের সেই প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে। কৃষকরা তাদের কৃষিপণ্য অনায়াসে নৌকায় পরিবহন করতে পারছেন। সারিয়াকান্দি জামালপুর নৌরুট দিয়ে খুব সহজেই নৌকাগুলো চলাচল করতে পারছে এবং এ নৌপথে আগের চেয়ে যাত্রী চলাচল বেড়েছে। এছাড়া পানি বাড়ায় শুকিয়ে যাওয়া যমুনা নদীর বেশকিছু খাল পুনরায় সচল হতে শুরু করেছে।

আরও পড়ুন

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, উপজেলার মথুরাপাড়া পয়েন্টে গত বৃহস্পতিবার এ নদীর পানির উচ্চতা ছিল ৯.৬৩ মিটার, শুক্রবার পানির উচ্চতা ছিল ৯.৭৫ মিটার এবং গতকাল শনিবার পানির উচ্চতা হয়েছে ১০.০২ মিটার। অর্থাৎ গত তিনদিনে সারিয়াকান্দিতে যমুনার পানি ৩৯ সেন্টিমিটার বেঢ়েছে। এ উপজেলায় যমুনার বিপৎসীমা ১৬.২৫ মিটার।

সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিতপরল গ্রামের আলতাফ আলীর খেয়াঘাটের মাঝি আলতাফ আলী বলেন, যমুনা নদীর নাব্যতা সংকটে আমার নৌকাটি গত তিনমাস ধরেই বন্ধ ছিল। যাত্রীরা এ নৌপথে হেঁটে চলাচল করেছেন এবং কৃষকরা ঘোড়ার গাড়িতে তাদের কৃষিপণ্য পরিবহন করেছেন। যমুনা নদীর পানি বৃদ্ধিতে গত শুক্রবার থেকে এ নৌপথ পুনরায় সচল হয়েছে।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে যমুনা নদীর পানি বাড়ছে। এতে যমুনা নদীর নাব্যতা কিছুটা ফিরে এসেছে। তবে চৈত্র মাসে পানি বাড়লেও এটা কোনও হিসাবের বিষয় না। খুব শিগগরই এ পানি কমতে শুরু করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দুই সিটিসহ ৪ সিটিতে হামের টিকাদান শুরু রোববার

পানি বাড়ায় বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীর ফিরেছে নাব্যতা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

জয়পুরহাটের ক্ষেতলালে তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামী গ্রেফতার, ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

বাগেরহাটে কুকুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

খোকসায় প্রকাশ্য বাজারে যুবককে দুর্বৃত্তদের গুলি