ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ এপ্রিল, ২০২৬, ১০:৩৫ রাত

পাবনায় ছাত্রদের 'হেয়ার স্টাইল' নির্ধারণ করে নোটিশ জারি

পাবনায় ছাত্রদের 'হেয়ার স্টাইল' নির্ধারণ করে নোটিশ জারি

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের চুলের কাটিং বা 'হেয়ার স্টাইল' সুনির্দিষ্ট করে দিয়েছে পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু নির্দেশনা দিয়েই ক্ষান্ত হয়নি প্রতিষ্ঠানটি, নির্ধারিত মডেলের বাইরে চুল কাটলে শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্প্রতি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিটন উদ্দিন স্বাক্ষরিত একটি নোটিশ বিদ্যালয়ের দেয়ালে টাঙানো হয়েছে। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীদের নোটিশে প্রদর্শিত ছবির আদলে চুল ছেঁটে এবং হাত-পায়ের নখ কেটে বিদ্যালয়ে আসতে হবে।

নোটিশে চারদিক থেকে তোলা একটি শিশুর চুলের কাটিংয়ের ছবি যুক্ত করে দেওয়া হয়েছে। নোটিশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এই নির্দেশনা মানা না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে 'প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের' দায়ে শাস্তির আওতায় আনা হবে। নোটিশের নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে জানানো হয়েছে, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

স্কুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক অভিভাবক একে ইতিবাচক শৃঙ্খলার অংশ বললেও, কেউ কেউ বিষয়টিকে ব্যক্তি-স্বাধীনতায় হস্তক্ষেপ এবং কোমলমতি শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ হিসেবে দেখছেন।

আরও পড়ুন

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিটন উদ্দিন জানান, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের মাঝে সমতা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি কোনো অন্যায় চাপ নয়, বরং প্রশাসনিক নির্দেশনারই প্রতিফলন।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের সভাপতি সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, এটা মূলত ছাত্রদের শৃঙ্খলা, পরিস্কার-পরিচ্ছন্নতা ও নিয়মানুবর্তিতা মেনে চলার উদ্যোগের একটি অংশ। তাই বিষয়টিকে ইতিবাচক হিসেবে নেওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ছাত্রদের 'হেয়ার স্টাইল' নির্ধারণ করে নোটিশ জারি

সংরক্ষিত নারী আসন : মনোনয়নপত্র তুলতে ঢাকায় বগুড়ার নেত্রীরা

বাদশা এমপি নির্বাচিত হওয়ায় বগুড়া বিএনপির শুকরিয়া দোয়া মাহফিল

বগুড়ার শেরপুরের চলাচলের রাস্তায় বেড়া দেয়ায় দুই পক্ষের হাতাহাতি

চিকিৎসাসেবার ‘হাব’ হবে উত্তরের জেলা নীলফামারী : স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব

কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত