বিগত ২০০৮ সাল থেকে ক্রীড়াঙ্গনে দলীয়করণ, দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
রোববার (২৯ মার্চ) অধিবেশনে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা জানান। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আমিনুল হক বলেন, আপনারা সকলেই জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় থেকে, ২০০৮ সাল থেকে ক্রিকেট বোর্ডসহ বাংলাদেশের সকল স্পোর্টসকে দলীয়করণ এবং রাজনীতিকরণ করা হয়েছে এবং দেশের ক্রীড়াঙ্গন ধ্বংসের পথে চলে গেছে।
সেই ধ্বংসস্তূপ ক্রীড়াঙ্গনকে নতুনভাবে দলীয়করণমুক্ত ও রাজনীতিকরণমুক্ত করার জন্য আমি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে চলেছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে, বিগত ২০০৮ সাল থেকে যারা এই দলীয় সুযোগ-সুবিধার মাধ্যমে যাদের অবৈধ নিয়োগ হয়েছে, সেগুলো দ্রুতই একটি তদন্ত কমিটি করে কারা কারা জড়িত ছিল আমরা ইনশাআল্লাহ জাতির সামনে নিয়ে আসব। পাশাপাশি আপনারা শুনে খুব অবাক হবেন যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল, তারা বিগত সময়ে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে এ ধরনের অপকর্মগুলো করেছে এবং আমি বিশ্বাস করি যে, আমরা দায়িত্ব নেওয়ার পরে ইনশাআল্লাহ এই বোর্ডের যারা এই অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন সেসব কর্মকর্তা কিংবা কর্মচারী তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ।
আরও পড়ুন
তিনি বলেন, আমাদের সর্বশেষ ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে।
আমি আশা করব, আমাদের দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন, তার কাছে আহ্বান করব, এ বিষয়ে কোনো তদন্ত, কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং এগুলো যাতে জাতির সামনে উপস্থাপিত হয়।