ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ মার্চ, ২০২৬, ০৬:৫৯ বিকাল

চান্দিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫জন আহত

চান্দিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫জন আহত

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫জন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার কোরছাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ফেনীগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ- ২৬-৩০৪৩) অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের নিচে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় গাড়িতে থাকা ফেনী জেলার পশ্চিম শীলুয়া গ্রামের বাসিন্দা মোস্তফা (৭০) ও তার স্ত্রী সেলিনা (৬০) সহ আরও তিন জন গুরুতর আহত হন। তাদের মধ্যে মোস্তফা ও সেলিনার অবস্থা আশঙ্কাজনক। তারা মৃত আবিদুর রহমানের ছেলে ও পুত্রবধূ বলে জানা গেছে। আহতরা সবাই একই পরিবারের সদস্য।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি খুব দ্রুতগতিতে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। বিকট শব্দ শুনে আমরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করি।

আরও পড়ুন

খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার রাজিব সাহা জানান- পাঁচজন আহতের মধ্যে মোস্তফা ও সেলিনার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসাবধানতাকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, গাড়িটি উদ্ধারের কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫জন আহত

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহ জেলায় ঈদের জামাতের সময়সূচি

আমি বিশ্বকাপে যেতে চাই: নেইমার

ইসরায়েলকে শাস্তি দিল ফিফা

ইরানের খারগ দ্বীপ দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের