রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এ অধিবেশনে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে।
আজ শনিবার (১৪ মার্চ) সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কার্য উপদেষ্টা কমিটিই সাধারণত অধিবেশনের মেয়াদ, কার্যদিবস, আলোচনার সময় এবং বিভিন্ন কার্যসূচির অগ্রাধিকার ঠিক করে।
গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ যাত্রা করে; সেদিন রীতি মেনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে সেই সময় ওয়াকআউট করে জামায়াত জোটের সদস্যরা।
প্রথম অধিবেশনের প্রথম দিন শেষে রোববার সকাল ১১টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়।
শনিবার বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ১৫ তারিখ সংসদ বসার পর ১৬ তারিখ থেকে মুলতবি হবে। এরপর ২৯ মার্চ আবার সংসদ বসবে এবং এপ্রিলের ৩০ পর্যন্ত চলবে।
১৩৩টি অধ্যাদেশের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হবে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন বসবে। তবে প্রয়োজন হলে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে হওয়া কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আরও পড়ুনবৈঠকে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির।
স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের কার্যসূচি নিষ্পন্নের জন্য সময় বণ্টন ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়।
সংসদ সচিবালয়ের হিসাবে, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্য মন্ত্রীদের জন্য ৪৬০টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৪৬৮।
এ ছাড়া বিধি ৭১-এ মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিস এবং বিধি ১৩১-এ সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিস পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে সচিবিক সহায়তা দেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1773488233.jpg)





