ভিডিও সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩৭ দুপুর

বৃহস্পতিবার আবারও বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার আবারও বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : আলোচনার টেবিলে ফের ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করবে তারা। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এ তথ্য জানিয়েছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এ খবর এলো। 

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বুসাইদি লেখেন, আনন্দের সঙ্গে নিশ্চিত করছি যে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আগামী বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত হবে। চুক্তি চূড়ান্তের জন্য ইতিবাচক দিক রয়েছে।

নতুন করে আলোচনায় বসার ঘোষণাটি এমন সময়ে এসেছে যখন কি না মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে সামরিক শক্তি মোতায়েন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এর ফলে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা নিয়ে উদ্বেগ বেড়েছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রীর পোস্টের ঘণ্টাখানেক আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, তেহরান নিজেদের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি নিশ্চিতে একটি সম্পূর্ণ নজরদারি ব্যবস্থা বাস্তবায়নে প্রস্তুত রয়েছে। এতে উত্তেজনা কমানো যাবে। ‘যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানো এবং উত্তেজনার সম্ভাবনা থাকা সত্ত্বেও ইরান কেন বিদেশ থেকে কেনার পরিবর্তে নিজ দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে চাচ্ছে’ ফেস দ্য নেশন মডারেটর মার্গারেট ব্রেনানের এমন প্রশ্নের জবাবে আরাঘচি বলেন, এটি ইরানিদের জন্য মর্যাদা ও গর্বের বিষয়। তিনি আরও বলেন, আমরা নিজস্ব প্রযুক্তিতে, নিজেদের বিজ্ঞানীদের মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছি। এটি আমাদের কাছে অত্যন্ত প্রিয় কারণ এর জন্য আমাদের বিশাল মূল্য দিতে হচ্ছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের দুই দশকের নিষেধাজ্ঞা, ইরানি বিজ্ঞানীদের হত্যা এবং জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে মূল্য হিসেবে আখ্যা দিয়েছেন আরাঘচি। তিনি বলেন, আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে যাচ্ছি না। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএর তত্ত্বাবধানে কর্মসূচি পরিচালিত হওয়ায় এটি বন্ধ করার কোনও আইনগত বাধ্যবাধকতা নেই।

চলতি মাসের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য শান্তি চুক্তির জন্য কাজ করে যাচ্ছে। গত ৬ ফেব্রুয়ারি ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাসকাটে প্রথম দফা আলোচনার পর গত ১৭ ফেব্রুয়ারি জেনেভায় দ্বিতীয় দফা আলোচনায় বসেছিলেন দু’দেশের প্রতিনিধিরা। এবার তৃতীয় দফার আলোচনার ঘোষণা এলো। খবর : আল-জাজিরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার আবারও বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের 

বগুড়ায় বিসিএল : ৩৩৭ রানের লক্ষ্যে ব্যাট করছে ইস্ট জোন

ভিপি-জিএস বাদে ২৫ লাখ টাকা বাজেট পেলেন ডাকসু নেতারা

নেপালে নদীতে বাস উল্টে পড়ে নিহত ১৮

লা লিগার শীর্ষে ফিরল বার্সেলোনা