নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে মাহদী হাসান মুরাদ(২২) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি লালমনিরহাট জেলার শিবরামপুর এলাকার আব্দুল মালেকের ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। গতকাল শুক্রবার সকালে পোনে ৮টায় আব্দুলপুর রেলওয়ে জংশনে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্য ছেড়ে যাওয়া তিতুমীর এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন মুরাদ। ট্রেনটি আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য সাময়িক বিরতি দেয়। তখন মুরাদ প্লাটফর্ম ব্যবহার না করে বিপরীত পাশে যাওয়ার উদ্দেশ্যে রেললাইনের মধ্য দিয়ে হেঁটে পার হওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই ইঞ্জিন পরিবর্তনের সময় চলমান ট্রেনের ইঞ্জিন তাকে ধাক্কা দেয়।
এতে ট্রেনের চাকা তার এক পায়ের ওপর দিয়ে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার এস.এম আবু সালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী রেলওয়ে থানার (ওসি) জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন









