ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৬ সকাল

বরগুনায় বাবার ছুরিকাঘাতে মাদকাসক্ত ছেলের মৃত্যু

বরগুনায় বাবার ছুরিকাঘাতে মাদকাসক্ত ছেলের মৃত্যু

বরগুনার তালতলী উপজেলায় মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধরের সময় ছুরিকাঘাতে সফিক হাওলাদার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সফিক হাওলাদার ওই গ্রামের হারুন হাওলাদারের একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সফিক হাওলাদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে তিনবার রিহ্যাব সেন্টারে ভর্তি করা হলেও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি। মাদক সংক্রান্ত একটি মামলায় তিনি একবার কারাভোগও করেন। চলতি বছরের ৭ অক্টোবর কারাগারে গিয়ে ১০ ডিসেম্বর মুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি।

বাড়ি ফেরার পর থেকেই সফিক মাদকের টাকার জন্য নিয়মিত বাবার ওপর চাপ সৃষ্টি করছিলেন। সোমবার দুপুরে আবারও বাবার কাছে টাকা দাবি করলে হারুন হাওলাদার দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সফিক বাবাকে মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে হারুন হাওলাদার রান্নাঘরে থাকা একটি ছুরি দিয়ে ছেলের পিঠে আঘাত করেন।

ছুরিকাঘাতে গুরুতর আহত সফিক ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত বাবা হারুন হাওলাদার পালিয়ে যান।

আরও পড়ুন

নিহতের মা রাসেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ও আমাদের একমাত্র সন্তান ছিল। দীর্ঘদিনের নেশায় পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে। তিনবার রিহ্যাবে নিয়েও কোনো লাভ হয়নি। জেল থেকে বের হয়ে এসে আবারও নেশার টাকার জন্য আমাদের মারধর করত। এখন সব শেষ।

তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকাসক্ত ছেলের মারধরের কারণে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবা ছুরি দিয়ে আঘাত করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

গুরুতর অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

মুন্সিগঞ্জে লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়া যাত্রীকে জীবিত উদ্ধার

চান্দিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫জন আহত