কৃষিবিদ মুহাম্মদ তাহাজ্জত আলী
হিমাগারে আলু, বাজারে মন্দা—কৃষক বাঁচাতে চাই কার্যকর উদ্যোগ
বাজারে আলুর দাম কম থাকায় অনেকেই হিমাগার থেকে আলু তুলতে চাইছেন না। হিমাগার পরিচালনাকারীদের ব্যয়ের চাপ যেমন বাস্তব, তেমনি কৃষকের লোকসানের আশঙ্কাও উপেক্ষা করার সুযোগ নেই। প্রশ্ন হচ্ছে, এই সংকটের সমাধান হবে কীভাবে? কৃষক ঘাম ঝরিয়ে মাঠে ফসল ফলান, অথচ সেই ফসলের ন্যায্য দাম না পেয়ে তাঁকেই লোকসানের বোঝা বইতে হয়। বীজ, সার, কীটনাশক, সেচ, শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ মিটিয়ে ফসল বিক্রির সময় যখন উৎপাদন খরচও ওঠে না, তখন কৃষকের কষ্টের শেষ থাকে না। এ সংকট শুধু আলুর নয়।
দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর ২ অক্টোবর ২০২৬-এর প্রতিবেদনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য উদ্ধৃত করে বলা হয়, ২০২৪–২৫ অর্থবছরে বগুড়ায় ৫ লাখ ১৬ হাজার ৮৬৭ টন সবজি উৎপাদিত হয়েছিল। এর মধ্যে ১ লাখ ১২ হাজার টনের বেশি সবজি অবিক্রীত থেকে নষ্ট হয়। আনুমানিক আর্থিক ক্ষতি প্রায় ৩৯৫ কোটি টাকা। এত বিপুল পরিমাণ খাদ্য নষ্ট হওয়া কৃষকের আয়, জাতীয় সম্পদ ও খাদ্যনিরাপত্তার জন্য উদ্বেগজনক।
বগুড়ার মহাস্থান হাটে কোনো সময়ে একটি লাউ পাঁচ টাকায় বিক্রি হলেও ঢাকায় সেটির দাম ৩০-৪০ টাকা, কখনো ৬০-৭০ টাকা পর্যন্ত হতে দেখা যায়। এটি উদাহরণমাত্র; একই মান ও আকারের পণ্যের একই দিনের দর যাচাই ছাড়া দামের ব্যবধানের সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা যায় না। তবে পরিবহন, সংরক্ষণ, পচন, মধ্যবর্তী বাজারব্যবস্থা ও অতিরিক্ত মুনাফার সম্ভাবনা অনুসন্ধান করা জরুরি। সরকারকে উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ের দাম এবং পরিবহন ব্যয়ের তুলনামূলক গবেষণা করতে হবে, যাতে কৃষক ন্যায্য দাম পান এবং ভোক্তাকেও অযৌক্তিক উচ্চমূল্য দিতে না হয়।
এ জন্য বগুড়াসহ দেশের প্রধান কৃষি উৎপাদন এলাকাগুলোতে আধুনিক কোল্ড চেইন, প্যাকহাউস, কৃষিপণ্য সংগ্রহকেন্দ্র ও দ্রুত পরিবহনব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। হিমাগার নির্মাণ করলেই দায়িত্ব শেষ হয় না; নিয়মিত রক্ষণাবেক্ষণ, দক্ষ পরিচালনা, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি এবং কৃষকের সহজ ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে হবে। সৌরবিদ্যুৎচালিত মিনি কোল্ড স্টোরেজগুলোর অভিজ্ঞতা পর্যালোচনা করে কেন কোথাও কাঙ্ক্ষিত ব্যবহার হচ্ছে না, তা চিহ্নিত করতে হবে। পাশাপাশি আলু ও সবজি প্রক্রিয়াজাতকরণ শিল্প, চিপস ও অন্যান্য আলুজাত পণ্য উৎপাদন এবং কৃষকের সঙ্গে বড় ক্রেতাদের সরাসরি বাজারসংযোগ বাড়ানো দরকার।
দেশে ধান, গম, ভুট্টা, পাট ও মসলাসহ বিভিন্ন প্রধান ফসলের আলাদা গবেষণার জন্য বিশেষায়িত স্বতন্ত্র প্রতিষ্ঠান রয়েছে। আলু উৎপাদনে উত্তরাঞ্চলের গুরুত্ব ও সম্ভাবনা বিবেচনায় বগুড়ায় একটি স্বতন্ত্র আলু গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিদ্যমান গবেষণা কার্যক্রম ও সক্ষমতা পর্যালোচনা করে বগুড়ায় বিশেষায়িত আলু গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা অথবা প্রয়োজন ও যৌক্তিকতার ভিত্তিতে স্বতন্ত্র গবেষণা ইনস্টিটিউট গড়ে তোলা যেতে পারে। এর মাধ্যমে কম খরচে আলু উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন, উন্নত ও রোগসহনশীল জাতের বিকাশ, মানসম্মত বীজ উৎপাদন, সুষম সার ব্যবস্থাপনা, অপ্রয়োজনীয় কীটনাশকের ব্যবহার হ্রাস এবং সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের উপযোগী জাত উদ্ভাবনে গুরুত্ব দেওয়া সম্ভব হবে। পাশাপাশি গবেষণালব্ধ প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিতে প্রশিক্ষণ, মাঠপর্যায়ে প্রদর্শনী ও কার্যকর সম্প্রসারণ কার্যক্রম নিশ্চিত করতে হবে। এতে উৎপাদন ব্যয় কমানো, ফসলের অপচয় হ্রাস এবং আলুচাষির ন্যায্য আয় নিশ্চিত করার পথ আরও সুগম হতে পারে।
আলু বিশ্বের বহু দেশে জনপ্রিয় খাদ্য এবং অনেক ক্ষেত্রে ভাতের বিকল্প হিসেবেও ব্যবহৃত হয়। পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার বিবেচনায় আলু শুধু একটি সবজি নয়, বরং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পেরও সম্ভাবনাময় কাঁচামাল। আলু থেকে চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, আলুর গুঁড়া, ফ্লেক্সসহ নানা ধরনের খাদ্যপণ্য তৈরি করা যায়। তাই আলুর উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর নতুন জাত উদ্ভাবন, পুষ্টিমান, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও দেশি-বিদেশি বাজার সম্প্রসারণ নিয়ে গবেষণা বাড়ানো প্রয়োজন।
আরও পড়ুনবগুড়াসহ উত্তরাঞ্চলের কৃষকেরা আলু উৎপাদনে দক্ষ এবং এ অঞ্চলের মাটি ও কৃষি-পরিবেশও আলু চাষের জন্য উপযোগী হওয়ায় এখানে আলু গবেষণার বিশেষ সম্ভাবনা রয়েছে। সরকারের উচিত বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এ অঞ্চলে আলু উৎপাদনের সম্ভাবনা, উৎপাদন ব্যয় কমানোর উপায়, শিল্পের কাঁচামাল হিসেবে এর ব্যবহার এবং রপ্তানি বাজারের চাহিদা মূল্যায়ন করা। গবেষণার ফল কাজে লাগিয়ে আলুভিত্তিক শিল্প গড়ে তোলা গেলে কৃষকের উৎপাদিত ফসলের নতুন বাজার সৃষ্টি হবে, অপচয় কমবে এবং কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ বাড়বে।
বগুড়ার আলু মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানির যে সম্ভাবনার কথা বলা হয়, তা কাজে লাগাতে রপ্তানির প্রকৃত পরিমাণ ও বাজার যাচাই করে মানসম্মত প্যাকেজিং, রোগবালাই নিয়ন্ত্রণ, উদ্ভিদ সংগনিরোধ সনদ এবং প্রতিযোগিতামূলক পরিবহনব্যবস্থা নিশ্চিত করতে হবে। উপযোগী পণ্যের ক্ষেত্রে বিমান কার্গোর সম্ভাবনাও যাচাই করা যেতে পারে। একই সঙ্গে কৃষিঋণ ব্যবস্থাকে উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের প্রয়োজনের সঙ্গে যুক্ত করতে হবে, যাতে কৃষক ফসল বিক্রির আগেই ঋণ পরিশোধের চাপে পড়ে কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য না হন।
কৃষক শুধু ফসল উৎপাদন করবেন, আর বাজার, সংরক্ষণ ও বিক্রির অনিশ্চয়তার সব দায় তাঁকেই নিতে হবে, এ ব্যবস্থা টেকসই হতে পারে না। কৃষকের ঘাম ও শ্রমের যথাযথ মূল্য নিশ্চিত করতে সরকার, গবেষণা প্রতিষ্ঠান, ব্যাংক, হিমাগার কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কৃষকের উৎপাদিত আলু হিমাগারে পড়ে থাকবে, সবজি অবিক্রীত থেকে নষ্ট হবে, অথচ শহরের ভোক্তা বেশি দামে কিনবেন, এই বৈপরীত্য দূর করাই এখন সময়ের দাবি। কৃষককে শুধু উৎপাদন বাড়াতে উৎসাহিত করলেই হবে না, তাঁর ফসলের ন্যায্য মূল্য পাওয়ার পথও তৈরি করতে হবে। এ দায় রাষ্ট্রকে নিতে হবে। সরকারের একটি স্লোগানের কথা ভুললে চলবেনা, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ,সবার জন্য বাংলাদেশ।
লেখক: ব্যাংকার
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1794904461.jpg)
_medium_1794898307.jpg)
_medium_1794824137.jpg)
_medium_1794823122.jpg)
_medium_1794729180.jpg)
_medium_1794632388.jpg)


