ময়মনসিংহে এলোপাতাড়ি কুপিয়ে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ
ময়মনসিংহের ত্রিশালে এলোপাতাড়ি কুপিয়ে আব্দুল হাই (৬০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ৯ এপ্রিল সকালে উপজেলার ১২ নম্বর আমিরাবড়ী ইউনিয়নের বগারবাজার চৌরাস্তা এলাকায় তাকে এলোপাতাড়ি কোপানোর ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাই উপজেলার শেখ বাজার এলাকার মৃত আলতাব খানের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন ওই এলাকার নিজ দোকানে আব্দুল হাইকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। সেখানে আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায়। পরে স্বজনরা খবর পেয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সর্বশেষ সোমবার দুপুরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুনত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, নিহতের মরদেহ বর্তমানে ঢাকায় রয়েছে। আইনি কার্যক্রম শেষে লাশ ত্রিশালের গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





