প্রতিদিনই ধর্ষণের হুমকি পাই: আয়েশা খান
প্রতিদিনই ধর্ষণের হুমকি পান বলে অভিযোগ করেছন বলিউড অভিনেত্রী আয়েশা খান। কয়েক দিন আগে ‘উই দ্য উইমেন এশিয়া’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন আয়েশা। বরখা দত্ত সঞ্চালিত এই অনুষ্ঠানে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই অভিনেত্রী।
ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী আয়েশা খান বলেন, “প্রায় প্রতিদিনই ইনস্টাগ্রামে আমার শরীর নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের শিকার হই। আমি যদি সাধারণ একটি টপ পরি, তাতেও মানুষ সমস্যা খুঁজে পায়। স্কার্ট পরলেও সমস্যা। কিছু পোস্ট করার আগে আমাকে ভাবতে হয়।
এসব ঘটনা তার ওপর প্রভাব ফেলে কি না? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে আয়েশা খান বলেন, “হ্যাঁ, শতভাগ পড়ে! কিছু পরার আগে বা পোস্ট করার আগে ভাবতে হয়। কারণ সেটাকে যে কেউ যৌনভাবে দেখবে। সুতরাং অবশ্যই এটা খুবই দুঃখজনক একটি পরিস্থিতি। খুব সূক্ষ্ম একটা সীমারেখা আছে, যা নিয়ে বারবার সংগ্রাম করি। কখনো কখনো মনে হয়, ‘আমি কিছুই পরোয়া করি না, যাইহোক, আমি এটা পোস্ট করবই।’ আবার কখনো কখনো মনে হয়, ‘মানুষ যদি সুযোগ পেত তাহলে আমার সঙ্গে কী করত—এই ধরনের মন্তব্য দেখার মতো মানসিক অবস্থায় নেই।
খানিকটা ব্যাখ্যা করে আয়েশা খান বলেন, কারণ এরাই সম্ভাব্য ধর্ষক। এদের যদি সেই শক্তি থাকত বা যা বলছে তা করতে পারতো, তাহলে হয়তো করে ফেলতো। এটা খুবই ভয়ের, এরা বাস্তব মানুষ; আমাদের আশপাশেই আছে। এগুলো শুধু মন্তব্য নয়, এগুলো স্বাভাবিক মানুষ, যারা বলছে সুযোগ পেলে তারা আমার সঙ্গে অমানবিক কাজ করতো।
আরও পড়ুনঅনলাইনে ধর্ষণের হুমকি পান কি না জানতে চাইলে আয়েশা খান বলেন, হ্যাঁ, প্রতিদিনই পাই। আমি এখনই ফোন খুলে দেখাতে পারি, এটা এতটাই স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। এর বিরুদ্ধে কে কী করেছে? কিছুই না। এটা নতুন কোনো সমস্যা নয়; বহুদিন ধরেই চলছে। আমি চাই এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।
গত বছরের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সানি দেওল অভিনীত ‘জট’ সিনেমা। এতে পার্শ্ব-চরিত্রে অভিনয় করেন আয়েশা। একই মাসে মুক্তি পায় ‘ধুরন্ধর’ সিনেমা। বক্স অফিস কাঁপানো এই সিনেমার একটি আইটেম গানে অভিনয় করে নজর কাড়েন আয়েশা। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত কপিল শর্মা অভিনীত কমেডি ঘরানার ‘কিস কিস কো প্যার করু’ সিনেমা দর্শকের কাছে বিপুল প্রশংসা কুড়ায়। এ সিনেমার দ্বিতীয় পার্টে অভিনয় করেছেন আয়েশা। অক্ষয় কুমারের নতুন একটি সিনেমায় তার অভিনয় করার কথা রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







