বগুড়ার ধুনটে অবৈধ বালুমহাল নিয়ে আ’লীগের দু’পক্ষের দ্বন্দ্ব, গাড়িতে আগুন
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বাঙালি নদীর অবৈধ বালুমহালের আধিপত্য বিস্তার নিয়ে কর্মকান্ড নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দু’পক্ষের নেতাকর্মীদের দ্বন্দ্বের জেরে হামলা, গাড়ি ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার বাঙালি নদীর নিমগাছি-নাংলু গ্রামের চর এলাকায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নিমগাছি-নাংলু এলাকায় বাঙালি নদীর চরের বালু কেটে বিক্রি করে আসছে। কিন্তু বালুমহালের আধিপত্য বিস্তার ও বালু ব্যবসার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে কয়েক মাস আগে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েন।
এ অবস্থায় সোমবার রাত ১০টার দিকে ইব্রাহীম হোসেন ও তার লোকজন খনন যন্ত্র দিয়ে ওই মহালে চরের বালু কেটে ট্রাকে তুলে বিক্রি করছিলেন। এসময় একই এলাকার আওয়ামী লীগের কর্মী মজনু আলম, শামীম হোসেন ও জাহিদুল ইসলাম লোকজন নিয়ে বালুমহালে হামলা চালান।
আরও পড়ুনহামলাকারীরা বালু খনন ও পরিবহন কাজে ব্যবহৃত ১টি খনন যন্ত্র ও ২টি ট্রাক ভাঙচুর এবং ১টি ট্রাক পুড়িয়ে দেয়। এছাড়া ওই বালুমহালের অফিস কক্ষটি ভাঙচুর করে। সংবাদ পেয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে হামলাকারীরা আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছিল। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন





_medium_1771936848.jpg)



