ঢাবি সাদা দলের কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না ৭ শিক্ষক
ঢাবি প্রতিনিধি : আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য প্রদান এবং কারণ দর্শানো নোটিশের জবাব না দেওয়ার কারণে সাতজন শিক্ষকের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দল। এছাড়াও এই শিক্ষকরা ভবিষ্যতে সাদা দলের কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) নামে একটি সংগঠন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে গত ২৭ সেপ্টেম্বর সাদা দলের কয়েকজন সদস্য দলের বিরুদ্ধে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাদা দলের সঙ্গে তাদের সম্পর্ক কেন রহিত করা হবে না-এ মর্মে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তারা ওই নোটিশের কোনো জবাব দেননি। এমনকি এ বিষয়ে গঠিত একটি বিশেষ কমিটি তাদেরকে মৌখিকভাবে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানালেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
আরও পড়ুননেতৃবৃন্দ আরও বলেন, গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের অবস্থান স্পষ্ট করা হয়। অথচ আজ সোমবার ইউটিএল আবার একটি সংবাদ সম্মেলন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বক্তব্য প্রদান করে। ওই সংবাদ সম্মেলনে উল্লিখিত কয়েকজন শিক্ষক ছাড়াও সাদা দলের আরও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
এর মাধ্যমে তারা সাদা দলের সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন এবং এমন একটি সংগঠনের সঙ্গে নিজেদের যুক্ত করেছেন, যার সঙ্গে সাদা দলের কোনো সম্পর্ক নেই। সাদা দলের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ অনুষ্ঠিত সাদা দলের এক্সিকিউটিভ কমিটির এক সভায় দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউসুফ ইবন হোছাইন, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবু সায়েম, আরবী বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. ওমর ফারুক, আরবী বিভাগের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এইচ এম মোশাররফ হোসেন এবং দর্শন বিভাগের অধ্যাপক ড. আ খম ইউনুসের সঙ্গে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দলের কোনো সম্পৃক্ততা নেই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উল্লিখিত শিক্ষকরা ভবিষ্যতে সাদা দলের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না।
মন্তব্য করুন


_medium_1770560755.jpg)






