আজ চকলেট ডে: ভালোবাসা প্রকাশের মিষ্টি উপলক্ষ
চকলেটপ্রেমীদের জন্য আলাদা করে কোনো বিশেষ দিনের প্রয়োজন পড়ে না। ইচ্ছে করলেই প্রিয় স্বাদের একটি চকলেট বার তুলে নেওয়া যায় মুখে। তবে আজ চকলেট নিয়ে আলোচনা একটু বেশি—কারণ আজ চকলেট ডে।
ফেব্রুয়ারি মাসের ‘ভ্যালেন্টাইনস উইক’-এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই দিনটি। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে চকলেট ডে। এ দিনটি মূলত প্রিয়জনকে চকলেট উপহার দিয়ে ভালোবাসা প্রকাশের একটি প্রতীকী উপলক্ষ। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সাত দিনজুড়ে যে বিশেষ দিনগুলো পালিত হয়, তার মধ্যে চকলেট ডে অন্যতম জনপ্রিয়।
চকলেট শুধু একটি খাবার নয়, বরং এটি ভালোবাসা, আনন্দ ও আবেগ প্রকাশের একটি মাধ্যম। তাই এই দিনে প্রিয় মানুষকে চকলেট উপহার দেওয়ার চল রয়েছে বিশ্বজুড়ে।
চকলেটের জনপ্রিয়তার ইতিহাস
প্রতি বছর ৭ জুলাই বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব চকলেট দিবস’। যদিও চকলেটের জনপ্রিয় হয়ে ওঠা নিয়ে নানা মত রয়েছে, তবে ইতিহাসবিদদের অনেকের মতে ইউরোপে পৌঁছানোর পরই চকলেট বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে। ইতিহাস অনুযায়ী, ১৫৫০ সালে প্রথমবারের মতো চকলেট ইউরোপে প্রবেশ করে। সেই ঘটনাকে স্মরণ করেই ২০০৯ সাল থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব চকলেট দিবস উদযাপন শুরু হয়।
চকলেটের উত্থান ও প্রাচীন ইতিহাস
চকলেটের ইতিহাস প্রায় দুই হাজার বছরেরও বেশি পুরোনো। প্রাচীনকালে কোকোবীজ থেকে তৈরি হতো তেতো স্বাদের এক ধরনের পানীয়, যা মায়ান ও আজটেক সভ্যতায় অত্যন্ত জনপ্রিয় ছিল। অনেক জায়গায় কোকোবীজ মুদ্রা হিসেবেও ব্যবহৃত হতো। পাশাপাশি কোকোবীজের ছিল ধর্মীয় গুরুত্ব; তারা বিশ্বাস করত এতে এক ধরনের রহস্যময় শক্তি রয়েছে।
আরও পড়ুনপরবর্তীতে স্প্যানিশদের হাত ধরে চকলেট মিষ্টি খাবার হিসেবে পরিচিতি পায়। তারাই প্রথম কোকোর সঙ্গে মধু ও চিনি মিশিয়ে তা সুস্বাদু করে খেতে শুরু করে। এরপর চকলেট ইউরোপে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে অভিজাত শ্রেণির বিলাসী খাবারে পরিণত হয়। সে সময় এটি ছিল ধন-সম্পদ ও ক্ষমতার প্রতীক, সাধারণ মানুষের নাগালের বাইরে।
আধুনিক চকলেটের যাত্রা
পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশে চকলেটের চাহিদা বাড়তে থাকে এবং বাণিজ্যিকভাবে কোকো চাষ শুরু হয়। কোকোবীজ উৎপাদনের জন্য ইউরোপীয়রা আফ্রিকার বিভিন্ন অঞ্চলে উপনিবেশ স্থাপন করে।
১৮২০ সালের দিকে কোকো প্রেস যন্ত্র আবিষ্কারের মাধ্যমে কোকোবীজ থেকে পাউডার তৈরি সহজ হয়। এর ফলে চকলেট আরও সহজলভ্য হয়ে ওঠে। ১৮৪৮ সালে বাজারে আসে প্রথম শক্ত চকলেট বার। এরপর থেকে নানা স্বাদ, আকার ও রূপে চকলেট মানুষের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে।
আজ চকলেট ডে উপলক্ষে প্রিয় মানুষকে চকলেট উপহার দিয়ে ভালোবাসার মুহূর্তকে আরও মধুর করে তুলতেই পারেন।
তাহলে—আজ প্রিয়জনকে চকলেট দিচ্ছেন তো?
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








