মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন কলম্বিয়ান পপতারকা শাকিরা

মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন কলম্বিয়ান পপতারকা শাকিরা

বিশ্বখ্যাত কলম্বিয়ান পপতারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসতে পারে এই সংগীত আয়োজনের আসর।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। তার এই ঘোষণার পর থেকেই ঢাকায় শাকিরার পরিবেশনা দেখার সম্ভাবনা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

তবে এখন পর্যন্ত কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আয়োজক প্রতিষ্ঠান।

এদিকে বাংলাদেশে আসার বিষয়ে শাকিরার পক্ষ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে আপাতত বিষয়টিকে আয়োজক প্রতিষ্ঠানের সম্ভাব্য কনসার্ট পরিকল্পনা হিসেবেই দেখা হচ্ছে।

বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় নাম শাকিরা। ‘ওয়াকা ওয়াকা’ ও ‘হিপস ডোন্ট লাই’-এর মতো গান দিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি শ্রোতার মন জয় করেছেন এই শিল্পী। বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের আনুষ্ঠানিক সংগীত ‘ওয়াকা ওয়াকা’ তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে আরও ব্যাপক পরিচিতি এনে দেয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192745