গাজীপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আটক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি আব্দুল আলীমকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাতে গাজীপুর জেলা শহরের রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গাজীপুর মহানগর ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল আলীমকে আটক করা হয়েছে। কালিয়াকৈরে চন্দ্রা ও সফিপুর এলাকায় শ্রমিক আন্দোলন কেন্দ্র করে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি-ডিবি) অশোক কুমার পাল জানান, সাবেক চেয়ারম্যান আব্দুল আলীমের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
জানা গেছে, গত শনিবার গার্মেন্টস শ্রমিক পরিচয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ভাঙচুর চালিয়েছে।