গণপিটুনিতে এক মাসে নিহত ৩২

গণপিটুনিতে এক মাসে নিহত ৩২

দেশে গত এক মাসে গণপিটুনিতে প্রাণ গেছে ৩২ জনের। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে নিহতের সংখ্যা বেড়েছে ৩৯ দশমিক ১৩ শতাংশ।

আর গণপিটুনির ঘটনা ঘটেছে অন্তত ৬৪টি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) গত অক্টোবরের পর্যবেক্ষণ প্রতিবেদনে উঠে এসেছে এই পরিসংখ্যান।

এমএসএফের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে গণপিটুনিতে নিহত হন ২৩ জন। অক্টোবরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩২ জনে।

একই সময়ে আহতের সংখ্যা ৭৪ থেকে কমে ৫৪ জনে দাঁড়িয়েছে। সংস্থাটি বলছে, আহতের সংখ্যা কমা সহিংসতার মাত্রা কমে যাওয়ার প্রমাণ নয়। এটি বরং নির্দেশ করে, বর্তমানে গণপিটুনির ধরন অনেক বেশি আক্রমণাত্মক এবং সরাসরি প্রাণঘাতী রূপ ধারণ করছে।

অক্টোবরে সংঘটিত ৬৪টি গণপিটুনির ঘটনা পর্যবেক্ষণে দেখা গেছে, বেশির ভাগ হামলা হয়েছে চুরির সন্দেহে।

শুধু চুরির অভিযোগেই পিটিয়ে হত্যা করা হয় ১৪ জনকে। এর মধ্যে রংপুরে অটোরিকশা ও গরু চুরির অভিযোগে নিহত হয়েছেন তিনজন। টঙ্গী, নোয়াখালী ও চট্টগ্রামেও চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সাধারণ বিবাদ ও সামাজিক বিরোধের জেরে নিহত হয়েছেন ৫ জন। চাঁদাবাজি ও জমি নিয়ে বিরোধসহ নানা অভিযোগে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১১ জন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190302