বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ে হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল হামলার অভিযোগে করা মামলায় শাহাদৎ হোসেন (২৯) নামে স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহাদাৎ হোসেন পৌর শহরের সদরপাড়া এলাকার শাহ আলমের ছেলে ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি।
মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে ২০২৩ সালের ৭ জুন বিএনপি নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাংচুর করে। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে শাহাদাৎ হোসেনকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190015