ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া শহরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন ওরফে দিলু (৬০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা শহরের উত্তর মৌড়াইল পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দিলু ওই এলাকারই বাসিন্দা।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, দীর্ঘদিন যাবত শহরের উত্তর মৌড়াইলে মাদক ব্যবসার অভিযোগ ছিল। আজ গোপন সংবাদে ২নং পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালায়। এসময় চিহ্নিত মাদক কারবারি দিলুর হেফাজতে কয়েকটি বস্তা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, দিলুর বিরুদ্ধে আগেও ৫টি মাদক মামলা রয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের অভিযান চলবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189287