ইলিশের নিষেধাজ্ঞার ২২ দিনে বরিশাল বিভাগে ৫৩৬ জনের জেল
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বরিশাল বিভাগের ছয় জেলায় ২২ দিনে ২ হাজার ৬৭৬টি অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময়ে ৮০০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়।
মৎস্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, নিষেধাজ্ঞার ২২ দিনে নিলাম থেকে ৩ লাখ ৩২ হাজার ৩০০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়েছে।
এ ছাড়া, এ ২২ দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় অভিযানে ২৫ কোটি ৭৪ লাখ ২৪ হাজার ৫০০ টাকা মূল্যের ১ কোটি ৪২ লাখ ৩২ হাজার ৯০০ মিটার জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি অভিযানে ১০ হাজার ৩৭ কেজি ইলিশও জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে বিভিন্ন অবতরণ কেন্দ্রে ৬২৩ বার, বিভিন্ন মাছঘাটে ৩ হাজার ২১৩ বার, বিভিন্ন আড়তে ৬ হাজার ৫০৫ বার এবং বাজারে ৪ হাজার ৩৫৩ বার পরিদর্শন করা হয়েছে।