সিরাজগঞ্জে ভেজাল কসমেটিকস বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরে নকল ও ভেজাল কসমেটিকস বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী শহরের নিউমার্কেট, এসএস রোড ও বাহিরগোলা বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, অভিযানে বিদেশি কসমেটিকস পণ্যের লেবেলে আমদানি ও বিএসটিআই ছাড়পত্র না থাকা, পণ্যের মোড়কজাত বিধিমালা অনুসরণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সুন্দরীতমা কসমেটিকস দোকানের মালিক ওসমানকে পাঁচ হাজার, বুশরা কসমেটিকসের মালিক বোরহান উদ্দিনকে দুই হাজার ও শ্রেয়া কসমেটিকসের মালিক শ্রী লিটন চন্দ্র সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে এলপিজি গ্যাস সিলিন্ডার, ভোজ্যতেল ও নিত্যপণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থাটির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185902