মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, গাড়িতে আগুন
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ঘিরে হামলা-ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়। উচ্ছেদের সময় ক্ষুব্ধ হকাররা সিটি কর্পোরেশনের একটি গাড়িতে আগুন দেয় ও পুলিশের গাড়ি ভাঙচুর করে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদিন সকালে মিরপুর ১০ এ ফুটপাতে দোকানপাট উচ্ছেদ করতে যায় উত্তর সিটি করপোরেশন। সঙ্গে পুলিশও ছিল। এক পর্যায়ে হকাররা ক্ষুব্ধ হয়ে সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করে।
দুপুর ১২টার দিকে হকারদের মিরপুর আইডিয়াল কলেজের সামনের অবস্থান করতে দেখা যায়। অন্যদিকে পুলিশের অবস্থান ছিল ১০ নম্বর গোল চত্বর এলাকায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে হামলা, ভাঙচুর চালানা হয়েছে। সিটি করপোরেশনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় পুলিশ সদস্য ও সাংবাদিকরা আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185574