মাগুরায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মাগুরার মহম্মদপুরে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠের ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহিন মিয়া উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের নিজাম মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানাবিল মাঠে একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করেন শাহিন। এ উদ্দেশ্যে তিনি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। একপর্যায়ে ট্রান্সফরমারটি খুলেও ফেলেন। পরে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শনিবার সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে ধানখেতে শাহিনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182557