রাজধানীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজধানীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চিকিৎসকের পরামর্শ ও শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে তার মায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার (২৮ আগস্ট) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শাহ আলী থানাধীন রয়েল সিটি পকেট গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর শিশুটির প্রস্রাবের সময় জ্বালাপোড়া হলে তার মা তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরে শিশুটির মা এ বিষয়ে জানতে চাইলে শিশু জানায়, পাশের বাসার ভাড়াটিয়া সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার (২৭ আগস্ট) শাহ আলী থানায় মামলা করেন।

মামলার এজাহারের ভিত্তিতে ওইদিন রাত ৮টার দিকে শাহ আলী থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে তার বাসা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181545