সার ব্যবস্থাপনা কমিটিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
দেশজুড়ে সার উত্তোলন ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে গঠিত নতুন মন্ত্রিসভা কমিটিতে সদস্য হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রমেও কমিটি কৃষি মন্ত্রণালয়কে সহযোগিতা ও সমন্বয় করবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। অপর সদস্য হিসেবে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগের কার্যক্রম পর্যবেক্ষণ করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে কমিটি।
কমিটিতে সদস্য হওয়ার পর মীর শাহে আলমকে সংশ্লিষ্টরা শুভেচ্ছা জানিয়েছেন। কৃষকের স্বার্থ রক্ষা, সারের সহজলভ্যতা নিশ্চিত করা এবং বিতরণ ও ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
কৃষি উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ সার। সরবরাহ ও বিতরণে অনিয়ম হলে কৃষকের উৎপাদন খরচ ও ফসল উৎপাদনে এর সরাসরি প্রভাব পড়ে। ফলে নতুন এই কমিটির কার্যক্রমকে কৃষিখাতের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181355