নরসিংদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩৭
নরসিংদীতে মাদক ও অপরাধবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্যের দাবি করেছে জেলা পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে ২৩৭ জনকে গ্রেপ্তারের পাশাপাশি প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের মাদক ও অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অভিযানে একটি আমেরিকান তৈরি পিস্তল, একটি এলজি, ১৩ রাউন্ড গুলি, ৮ হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২৫০ কেজি গাঁজা ও ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব, এপিবিএন ও আরআরএফের সহায়তায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালানো হয়। এর মধ্যে মনোহরদীর কীর্তিবাসদী গ্রামে বাড়িতে ঢুকে এক যুবক হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া শিবপুরের দক্ষিণ কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়।
অভিযানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে ১ হাজার ৮৬৬টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০১টি মামলা করা হয়েছে। আটক করা হয়েছে ৩৫টি মোটরসাইকেল এবং আদায় করা হয়েছে ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা।
জেলা পুলিশ আরও জানায়, অভিযানে আদালতের ৩০৫টি ওয়ারেন্ট নিষ্পত্তি এবং ৮৮টি নতুন মামলা করা হয়েছে।
পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নরসিংদীকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে জেলা পুলিশ কাজ করে যাবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181351