বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুন্দ্রবন্দরে সতর্কতা জারি
বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর । এতে উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
আজ শনিবার (২৫ জুলাই) সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। প্রকাশিত আবহাওয়া সতর্কবার্তায় সব সমুন্দ্রবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177529