এআই প্রযুক্তি দিয়ে বিভ্রান্তি ছড়ানো প্রতিরোধে কাজ চলছে: তথ্যমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে গুজব, অপতথ্য, ভুয়া তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য ফাহিমা নাসরিন এক প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে গুজব, অপতথ্য, ভুয়া তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি জানান, এ পর্যন্ত ‘বাংলাফ্যাক্ট’ ৮৬০টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও ও রিল প্রকাশ করেছে, এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ৩০৬টি প্রকাশিত হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, একই সঙ্গে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১ অক্টোবর ২০২৪ থেকে জুন ২০২৬ পর্যন্ত দেশের ৬৪ জেলায় ১৪১টি প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ৬৭৭৪ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ২০টি প্রশিক্ষণে ৭৩৯ জন সাংবাদিক অংশগ্রহণ করেন; যার মধ্যে ডিজিটাল সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্টচেক বিষয়ক ১৪টি প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, প্রতিটি প্রশিক্ষণে গুজব মোকাবিলা, ফ্যাক্টচেকিং এবং সাংবাদিকতায় এআই-এর ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিগগিরই গণমাধ্যমকর্মীদের জন্য ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে। ভবিষ্যতেও এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।