নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গোডাউন, ক্ষতি ৪০ লাখ টাকা

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গোডাউন, ক্ষতি ৪০ লাখ টাকা

নারায়ণগঞ্জের দক্ষিণ সস্তাপুরের শিবু মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে একটি ঝুটের গোডাউন ও চায়ের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ আহত হননি।

আজ বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যদের সহযোগিতায় মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর অভিযানে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগে। বেলা ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি সেমিপাকা ঝুটের গোডাউন এবং একটি চায়ের দোকানে আগুন লাগে। আগুনে গোডাউনে মজুত থাকা ঝুট, স-মিলের কাঠ, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পাওয়ার পরপরই তাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক ও সমন্বিত প্রচেষ্টার কারণে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174538