বগুড়ার দুপচাঁচিয়ায় আগুনে দগ্ধ খেলনা প্রস্তুতকারকের মৃত্যু
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া সদরের পালপাড়ায় আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গৌরঙ্গ কর্মকার (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার (২৮ জুন) ভোরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।
নিহত গৌরঙ্গ কর্মকার উপজেলার সদর এলাকার পালপাড়ার মৃত গোলক চন্দ্র কর্মকারের ছেলে। তিনি পেশায় একজন খেলনা প্রস্তুতকারক ছিলেন এবং বাচ্চাদের খেলনা তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে নিজ বাড়িতে টিউবওয়েলের প্লাস্টিকের পাইপ জোড়া লাগানোর জন্য আগুন ধরাতে গিয়ে অসাবধানতাবশত তিনি দগ্ধ হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার ছেলে বলাই কর্মকারও (১৮) দগ্ধ হয়।
পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উভয়কেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (২৮ জুন) ভোরে গৌরঙ্গ কর্মকার মারা যান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174256