খামেনির শেষ বিদায়, তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান উপলক্ষে রাজধানী তেহরানে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এএফপি জানিয়েছে, আগামী ৪, ৫ ও ৬ জুলাই তেহরান প্রদেশে সরকারি ছুটি থাকবে। খামেনির শেষ বিদায় ও জানাজার আনুষ্ঠানিকতা এই তিন দিনে সম্পন্ন হবে।
এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, ৪ ও ৫ জুলাই শুধু তেহরানে ছুটি থাকবে। তবে ৬ জুলাই খামেনির দাফনের দিন সারা দেশে সরকারি ছুটি পালন করা হবে।
খামেনির মৃত্যুর পর ইরানজুড়ে শোকের আবহ বিরাজ করছে। দেশটির বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন তার স্মরণে নানা কর্মসূচি ঘোষণা করেছেন।
উল্লেখ্য, ইরানের ওপর ইসরায়েলি ও মার্কিন হামলা শুরুর মুখে, গত ২৮শে ফেব্রুয়ারি নিজের কার্যালয়ে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনি। সে সময় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন।
আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলি খামেনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন। ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি নিহত হওয়ার আগ পর্যন্ত ৩৬ বছর ছয় মাস এই পদে ছিলেন তিনি।