সকালে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (৪ জুন) সকালে যুক্তরাষ্ট্র থেকে তিনি দেশে ফেরেন।এর আগে, গত ২ জুন বাংলাদেশ সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম অধিবেশনের সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেজ কাকাউরিস পেয়েছেন ৯১টি দেশের ভোট। ৮ ভোটের ব্যবধানে বাংলাদেশের প্রার্থীর কাছে হেরে গেছেন সাইপ্রাসের প্রার্থী।
বাংলাদেশ সর্বশেষ ১৯৮৬-৮৭ সালে এই মর্যাদাপূর্ণ পদটি লাভ করেছিল, যখন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। চার দশক পর বাংলাদেশ পদটি পুনরুদ্ধার করলো। ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর উচ্চ-পর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে। খলিলুর রহমান আগামী এক বছর তথা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন।
এই পদটি প্রতি বছর পরিবর্তিত হয় এবং জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর (আফ্রিকা, এশিয়া-প্যাসিফিক, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য) মধ্যে আবর্তিত হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদে সদস্য রাষ্ট্রগুলো সরাসরি সভাপতি নির্বাচন করে, যেখানে প্রতিটি দেশের একটি করে ভোট থাকে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171250