বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের পথে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে অংশ নিতে আগের দিনই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের এক দিন পর বিশ্বকাপের উদ্দেশে যাত্রা শুরু করেছে ব্রাজিলও। আজ মঙ্গলবার সকালে নিউ জার্সির উদ্দেশে দেশ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তার আগে নিজ দেশের সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন নেইমার, রাফিনহারা।
বৃষ্টিসিক্ত দিনে বিমানবন্দরের উদ্দেশে হোটেল ছাড়ার আগে সমর্থকদের ভালোবাসার জবাব দেন ব্রাজিলের খেলোয়াড়রা। ভক্তদের সঙ্গে সাক্ষাৎ, অটোগ্রাফ এবং ছবি তুলে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন তারা। সমর্থকদের মধ্যে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যায় নেইমারকে ঘিরে। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নিরাপত্তা বেষ্টনীর কাছে গিয়ে ভক্তদের সঙ্গে করমর্দন করেন, ছবি তোলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

সমর্থকদের ভালোবাসায় নেইমারকে আপ্লুত দেখা গেছে। ভ্রমণের জন্য বিশেষভাবে তৈরি পোশাক পরে হাজির হয়েছিলেন ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী এই ফুটবলার। রিকার্দো আলমেইদার নকশা করা সেই পোশাকে তিনি বেছে নিয়েছিলেন স্বচ্ছন্দ একটি লুক-ঢিলেঢালা প্যান্ট ও কনুই পর্যন্ত গোটানো হাতার পোশাক। চোখে ছিল ডিজাইনার সানগ্লাস। নেইমারের পাশাপাশি গোলকিপার আলিসন, মিডফিল্ডার কাসেমিরো ও ব্রুনো গুইমারেস এবং ফরোয়ার্ড রাফিনহা সমর্থকদের সঙ্গে সময় কাটান।
সেখান থেকে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেন ফুটবলাররা। পরে তারা পৌঁছান গালেয়াও বিমানবন্দরে। স্থানীয় সময় রাত ১০টায় সেখান থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির উদ্দেশে যাত্রা করে ব্রাজিল দল। বিমানে ওঠার পর গ্রুপ ছবিও তুলেছেন তারা। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সেই ছবি প্রকাশ করেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170999