ঈদুল আজহায় ত্যাগের শিক্ষা বনাম বাস্তবতা

ঈদুল আজহায় ত্যাগের শিক্ষা বনাম বাস্তবতা

ঈদুল আজহা মুসলমানদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। আজহা একটি আরবি শব্দ। যার অর্থ ত্যাগ। তাই ঈদুল আজহাকে বলা হয় ত্যাগের ঈদ। এই উৎসব পশু কোরবানির মধ্যে সীমাবদ্ধ নয় বরং বহন করে সংযম, মানবিকতা, আনুগত্য ও গভীর ধর্মীয় তাৎপর্য। ইসলামের মতাদর্শ অনুযায়ী, ঐতিহাসিকভাবে কোরবানির উদ্দেশ্য ছিল আত্মশুদ্ধি, সংযম ও দায়িত্ববোধ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ঈদের এই মূল শিক্ষা হারিয়ে যাচ্ছে বাহ্যিক আয়োজনের অন্তরালে। এই ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত প্রদর্শনের প্রবণতা যেন ব্যাধির মতো জেঁকে বসেছে। একবিংশ শতাব্দীতে ডিজিটাল যুগের ঈদ উদযাপনে উৎসবে অনুভূতি প্রকাশের মধ্যে ভারসাম্য গুরুত্বপূর্ণ। ঈদুল আযহার মূল শিক্ষা মুসলমানদের সংযম ও মানবিকতা চর্চা। ইসলামী ঐতিহ্য অনুযায়ী ইব্রাহীম (আ.) স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে প্রিয় পুত্র হযরত ইসমাঈল (আ.) কে কোরবানি করার নির্দেশ পান। এটি ছিল বিশ্বাস ও আনুগত্যের এক কঠিন পরীক্ষা। এই ঘটনায় প্রকাশ পায় শুধু পিতার ত্যাগ নয় বরং পুত্রের আত্মসমর্পণ ও বিশ্বাসের প্রতীক। এটি কেবল একটি ধর্মীয় ঘটনার স্মৃতি নয়, এটি হলো মুসলমানদের আত্মনিয়ন্ত্রণ দায়িত্ববোধ ও মানবিকতার দীর্ঘ ঐতিহ্য। তাই ঈদুল আজহা উদযাপিত হয় আত্মত্যাগ ও সংযমের শিক্ষার মধ্য দিয়ে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ত্যাগের মূল্য অর্থমূল্যের আলোচনায় উৎসবের মানবিক দিক আড়ালে পড়ে যাচ্ছে। উদযাপনকে দৃশ্যমান করতে গিয়ে অতিরিক্ত প্রদর্শনের প্রতিযোগিতায় সামাজিক বৈষম্যের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে। প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী উৎসব উদযাপনেই প্রকৃত তাৎপর্য প্রতিফলিত হয়ে থাকে। কিন্তু সামাজিক প্রত্যাশার অন্তরালে দৃশ্যমান হয়ে উঠেছে অতিরিক্ত প্রদর্শনের সংস্কৃতির শক্তি। কোরবানির মূল অন্তর্নিহিত শিক্ষা হলো সম্মিলিত উৎসবমুখর দিনে সহমর্মিতা ও সংযমের পাশাপাশি ধর্মীয় নির্দেশ পালন। তবেই ঈদের প্রকৃত মহিমায় আন্তরিকতা ও আত্মত্যাগ প্রকাশ পায়। কিন্তু বড় পশু বা দামি পশু কোরবানি মানেই বেশি মর্যাদা এবং সামাজিক অবস্থান প্রদর্শন। যা ক্রমাগতই একটি অসুস্থ প্রতিযোগিতায় পরিণত হয়েছে। ফলে হারিয়ে যাচ্ছে ধর্মীয় গুরুত্ব। সামাজিক মাধ্যমে প্রদর্শনের সংস্কৃতিও প্রকৃত আনন্দের বদলে তৈরি করেছে অতিরিক্ত চাপ। ফলে এই প্রতিযোগিতার চর্চা সৃষ্টি করেছে মানব জীবনে মানসিক ও সামাজিক যন্ত্রণা। অনেক পরিবার সামর্থ্যের বাইরে গিয়ে অতিরিক্ত ব্যয় করে এবং পরবর্তীতে তারা ঋণগ্রস্ত হয়ে পড়ে। আনন্দের পরিবর্তে এই অর্থনৈতিক চাপে মানবজীবন জর্জরিত হয়ে পড়ে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো সীমিত সামর্থ্যের দরুন ঈদের আনন্দে পড়ে যায় মানসিক চাপে। পাশাপাশি মানুষের সংযম দায়িত্ববোধ ও ভাগাভাগির সংস্কৃতিতে প্রকাশ পায় না ঈদুল আযহার সৌন্দর্য। বরং বাহ্যিক আয়োজনের ভিত্তিতে প্রদর্শনের প্রতিযোগিতা পরিণত হয়েছে অমানবিকতার চর্চায়। বছর ঘুরে ফিরে আসা এই পবিত্র ঈদুল আজহার কোরবানিকে কেন্দ্র করে বাংলাদেশে প্রচলিত হয়েছে লোকদেখানো সংস্কৃতি। পবিত্র কুরআনে বলা হয়েছে, “আল্লাহ তায়ালার কাছে কোরবানির দ্বারা পশুর রক্ত বা মাংস পৌঁছায় না, পৌঁছায় শুধু বান্দার তাকওয়া।” এ আয়াতের মধ্য দিয়ে কোরবানির প্রকৃত দর্শন স্পষ্ট হয়ে ওঠে। অর্থাৎ বাহ্যিক আয়োজন অর্থমূল্যের পরিমাণের ওপর প্রতিষ্ঠিত নয় বরং গুরুত্বারোপ করা হয়েছে মানুষের সামর্থ্য অনুযায়ী আন্তরিকতা সহিত আল্লাহর প্রতি দায়বদ্ধতা থেকে আত্মত্যাগ। এই অন্তর্নিহিত মূল্যবোধই মানব জীবনের পুনরায় আত্মশুদ্ধি প্রতিষ্ঠা করে। পাশাপাশি আমাদের দেশের পশু কোরবানি যতটা গুরুত্বের সাথে পালিত হয় ততটাই অবহেলিত হয়ে থাকে গোশত বিতরণের বিধান। কোরবানির মাংসের সুষম বণ্টন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামে কোরবানির মাংস নিজের পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং অসচ্ছল মানুষের মধ্যে ভাগ করে দেয়ার কথা বলা হয়েছে। এতে করে সমাজের পারস্পরিক সহযোগিতা এবং মানবিক সংযোগ বৃদ্ধি পায়। আর এতেই ইবাদতের প্রকৃত তাৎপর্য। এই ধর্মীয় উৎসবের মূল উদ্দেশ্যই হলো মানুষের মধ্যে আত্মসংযম এবং পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার সংস্কৃতি ভারসাম্য গড়ে তোলা। এই উৎসব উদযাপনের ক্ষেত্রে আমরা সামাজিক দায়িত্বশীলতা বজায় রাখবো। অতিরিক্ত অপচয় এড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব। অন্যের অনুভূতির প্রতি সংবেদনশীল থাকবো যাতে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে পারস্পরিক সম্মান ও মানবিকতার সাথে উদযাপন করা হয়। এছাড়াও পরিবেশ পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনায় রেখে পবিত্র ঈদুল আযহা উদযাপনে মনোযোগী হবো। আল্লাহর নৈকট্য লাভের আশায় প্রকৃত মুমিন ব্যক্তির জীবনে এই ত্যাগের শিক্ষা স্বতন্ত্র মহিমায় উজ্জ্বল। তাই যেন প্রদর্শনের আড়ালে হারিয়ে না যায় ঈদুল আযহার সৌন্দর্য। ত্যাগের মানসিকতা ও সংযমের অনুশীলনে প্রকৃত সৌন্দর্য নিহিত। তাই আল্লাহর দরবারে শুদ্ধ নিয়তে বান্দার তাকওয়া পৌঁছালেই পূর্ণতা পায় আসল আনন্দ। অসুস্থ প্রতিযোগিতাকে উপেক্ষা করে নিজেকে শুদ্ধ করার প্রয়াসে অপ্রয়োজনীয় ঋণ না করে নিজ সামর্থ্যের মধ্যে ধর্মীয় উৎসব পালন করাই প্রকৃত ঈদ।

লেখক :

সাবিহা তারান্নুম মিম

শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ
ইডেন মহিলা কলেজ 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170747