চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সহযোগী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীতে পৃথক সন্ত্রাসী কর্মকাণ্ড ও গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৩০ রাউন্ড গুলি ও শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (২৩ মে) বিকেলে সিএমপি কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং উপপুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো.হাবিবুর রহমান প্রাং এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাউজান উপজেলার আধার মানিক এলাকার মো. শুভ (২২) ও কদলপুর শমসেরপাড়া এলাকার মো. সুমন (৩৩)।
মো.হাবিবুর রহমান প্রাং বলেন, শুক্রবার রাতে চান্দগাঁও পাঠানিয়া গোদা গোলাম আলী নাজির সড়কেরই একটি বাড়িতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের অস্ত্রধারী সহযোগী মো. শুভ ও মো. সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে শুভর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, তারা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।