আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা
স্পোর্টস ডেস্ক : ২২ গজের তপ্ত উইকেটে গতির মায়াজাল বুনে এবার আইসিসির মাসসেরা মুকুট মাথায় পরলেন বাংলাদেশের নতুন ‘গতিতারকা’ নাহিদ রানা। এপ্রিলের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়ে তিনি বুঝিয়ে দিলেন টাইগার ক্রিকেটে এখন পেস ইউনিটের রাজকীয় উত্থানকাল। এপ্রিলের বসন্ত বাতাসে নিউজিল্যান্ডের ব্যাটারদের জন্য যেন কালবৈশাখি হয়ে আবির্ভূত হয়েছিলেন নাহিদ রানা।
কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শিকার করেন ৮ উইকেট। যদিও সিরিজের শুরুটা ছিল কিছুটা বিবর্ণ, প্রথম ম্যাচে ৬৫ রানে ১ উইকেট। তবে দমে যাওয়ার পাত্র নন রানা। দ্বিতীয় ম্যাচেই তিনি জ্বলে উঠলেন রুদ্রমূর্তিতে; ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিলেন কিউইদের ব্যাটিং দুর্গ। শেষ ম্যাচে ২ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও নিজের করে নেন তিনি।
নাহিদের এ যাত্রা কেবল এপ্রিলের নয়; মার্চের পাকিস্তান সিরিজ থেকেই তিনি বইয়ে দিচ্ছেন গতির ঢেউ। সেখানেও ওয়ানডে সিরিজে নিয়েছিলেন ৮ উইকেট। এমনকি সর্বশেষ মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৪০ রানে ৫ উইকেট নিয়ে তিনি গড়েছেন ক্যারিয়ারসেরা স্পেল। মুশফিক, সাকিব (দুবার) ও মিরাজের পর চতুর্থ বাংলাদেশি পুরুষ ক্রিকেটার হিসেবে আইসিসির এ রাজকীয় স্বীকৃতি পেলেন তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169002