ঠাকুরগাঁওয়ে মাদকের অভিযোগে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৮
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে গত ৪৮ ঘণ্টার ব্যবধানে জেলার রুহিয়া, পীরগঞ্জ, ভূল্লী এবং সদর থানা এলাকায় পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির অর্থসহ ৮ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রুহিয়ায় মাদকসহ এক দম্পতিকে গ্রেফতার করার খবর পাওয়া গেছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে পীরগঞ্জের দস্তমপুর মধ্যপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ দিনাজপুরের একটি দল স্থানীয় আব্দুল গফুরের বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মমিনুল ইসলাম(৪০) ও লুৎফর রহমান(১৯) নামে দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ২শ’ পিস ইয়াবা, মাদক বিক্রির ১২ হাজার ৮০০ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে নিশ্চিত করেছে র্যাব।
এদিকে গতকাল শুক্রবার রাত সাড়ে বারোটায় রুহিয়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ এক মাদক কারবারি চক্রের সন্ধান মিলেছে। থানার মন্ডলাদাম (সুইপার পট্টি) এলাকায় এসআই গোলাম আজমের নেতৃত্বে পুলিশি অভিযানে গ্রেফতার করা হয় মানিক দাস ও তার স্ত্রী মনি দাসকে। এসময় মনি দাসের কাছ থেকে বিশেষ কায়দায় লুকানো ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে।
একই রাতে ভূল্লী থানাধীন পূর্ব শুকানপুকুরী এলাকায় অভিযান চালিয়ে মাদক কেনাবেচাকালে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসআই জাকিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আনারুল ইসলাম(৪১), আব্দুর রহিম(৩৪) ও হারুন অর রশীদ(৩০) নামে তিন মাদক কারবারির কাছ থেকে থেকে ৩৩ পিস ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়, তারা ঘরে মাদক মজুত করে খুচরা পর্যায়ে বিপণন করছিল।
এছাড়া ঠাকুরগাঁও সদর থানার মোহাম্মদপুর ইউনিয়নের মাতৃগাঁও গ্রাম থেকে আকতার হোসেন(৪০) নামে আরও এক মাদক বিক্রেতাকে ৬পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সংশ্লিষ্ট থানাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168291