বরগুনায় মুখমণ্ডল থেঁতলে গৃহবধূকে হত্যা
বরগুনা সদর উপজেলায় নিজ ঘরে ঢুকে শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে আলম তাজ (৪৪) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। এসময় ঘরে তিনি একাই ছিলেন।
এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যার দিকে সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আগাপদ্মা দিল মাহমুদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আলম তাজ নিজ বাড়িতে একা ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে লোহার তৈরি শাবল দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। বিশেষ করে তার মাথা-মুখে উপর্যুপরি আঘাত করে মুখমণ্ডল থেঁতলে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা নাঈম হোসেন তানভীর বলেন, খবর পেয়ে ইফতারের পর ঘটনাস্থলে গিয়ে লাশ পড়ে থাকতে দেখেছি।
নিহতের স্বজন চম্পা বলেন, প্রথমে শুনেছি ওই বাড়িতে আগুন লেগেছে।
নিহতের মা মোসাম্মৎ ছায়াতন বেগম বলেন, আমি মেয়ের বাড়িতে থাকি না। কি কারণে এমন ঘটনা ঘটেছে কিছুই জানি না। জামাই অসুস্থ বলে খবর দেওয়া হয়েছিল। কিন্তু এসে দেখি আমার মেয়েকে কে বা কারা হত্যা করেছে।
নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ বলেন, এটি একটি নির্মম হত্যাকাণ্ড। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহ্উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি শাবল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শাবল দিয়েই উপর্যুপরি আঘাত করে আলম তাজকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।