তেরখাদায় সংঘর্ষে বোমা বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

তেরখাদায় সংঘর্ষে বোমা বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

খুলনার তেরখাদা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বোমা বিস্ফোরণে আহত মামুন মোল্লা (৩৫) নামের এক যুবক মারা গেছেন। কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল রোববার (২ মার্চ) রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত মামুন উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের খালের মাথা এলাকার বাসিন্দা। তিনি সরবেত মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধুপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বোমার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়।

বিস্ফোরণে গুরুতর আহত হন মামুন মোল্লা। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, শেষ পর্যন্ত চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।

ওই সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, ২৫ ফেব্রুয়ারি বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় মামুন আহত হন। কেউ বলছে ছেলেটা পেট্রোল বোমা ছুরতে গিয়ে গায়ে লাগে।  আবার কেউ বলছেন প্রতিপক্ষ মেরেছে।

এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159519