খামেনির মৃত্যুতে ইরাকে তিন দিনের শোক
আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরাক। রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইরাক সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি ইরাকের সংবাদ সংস্থাকে দেওয়া এক বক্তব্যে বলেন, ‘গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা সম্মানিত ইরানি জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানাচ্ছি। শহিদ আলেম ও মুজাহিদ, সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যিদ আলি আল-হুসাইনি আল-খামেনিকে আমরা নবী পরিবারের অগ্রগণ্য সদস্যদের একজন হিসেবে বিবেচনা করি।’ তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড ‘একটি প্রকাশ্য আগ্রাসন ও নিন্দনীয় কাজের ফল, যা সব মানবিক ও নৈতিক মানদণ্ড লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন।’
প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এ হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খামেনির মৃত্যুতে সাত দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159304