সরকারের জনমুখী কর্মকাণ্ড সংবাদমাধ্যমে যথাযথভাবে প্রচার পাচ্ছে না: রিজভী

সরকারের জনমুখী কর্মকাণ্ড সংবাদমাধ্যমে যথাযথভাবে প্রচার পাচ্ছে না: রিজভী

সরকারের জনমুখী কর্মকাণ্ড গণমাধ্যমে যথাযথভাবে উঠে আসছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমেও ফ্যাসিস্ট সরকারের দোসররা অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং জনমত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আগুন-সন্ত্রাস, রক্তপাত ও হত্যার মতো পরিস্থিতির মধ্যেও সরকার যে সহনশীলতা দেখাচ্ছে এবং গণতন্ত্র ও মানবাধিকারের নীতি অনুসরণ করে পরিস্থিতি মোকাবিলা করছে, তা গণমাধ্যমে যথাযথভাবে প্রকাশিত হচ্ছে না। বিএনপি নেতারা আত্মগোপনে থাকাকালেও অনেক সাংবাদিক নির্যাতন-নিপীড়নের মধ্যে তাঁদের বক্তব্য প্রকাশ করে সহযোগিতা করেছেন। তবে গণমাধ্যমের ভেতরে এখনো দোসররা সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বাংলাদেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাচ্ছে—এমন প্রচারণাকে পরিকল্পিত অপপ্রচার বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরির বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা নেওয়ার পরও ব্যবসা-বাণিজ্য অন্য দেশে চলে যাচ্ছে বলে প্রচার করা হচ্ছে। এটি সরকারের বিরুদ্ধে সুপরিকল্পিত প্রচারণার অংশ।

সংবাদমাধ্যমকে তথ্য-উপাত্ত যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও শক্তিশালী গণমাধ্যম গণতন্ত্রকে শক্তিশালী করে। অন্যদিকে অপপ্রচার গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

এ সময় গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের হত্যার প্রসঙ্গ তুলে রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তিগুলো পাশের দেশ থেকে বাংলাদেশের অস্থিতিশীলতায় ইন্ধন দিচ্ছে। এসব ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রচার হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিজয় দিবস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন রিজভী। তিনি জানান, দুপুর ১২টার মধ্যে নেতাকর্মীদের সমাবেশস্থলে উপস্থিত হতে হবে। বেলা ২টায় শুরু হয়ে মাগরিবের আগেই সমাবেশ শেষ হবে।

রিজভী বলেন, বিজয় দিবস স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার পাশাপাশি সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।

যৌথ সভা ও সংবাদ সম্মেলনে আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, আফরোজা খানম, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম, শফিকুল ইসলাম মিল্টন, এস এম জাহাঙ্গীর, ইশরাক হোসেন, হামিদুর রহমান হামিদ ও সানজিদা ইসলাম তুলিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192849